কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ বাছাইপর্ব অনুষ্ঠিত

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২২, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ষষ্ঠ বর্ষের কুমিল্লা অঞ্চলের বাছাইপর্ব (অডিশন) অনুষ্ঠিত হয়েছে।

নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠ বারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ।

এ উপলক্ষে শুক্রবার সকালে কুমিল্লা শহরের ‘নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় যাবার সুযোগ পেয়েছে কুমিল্লা অঞ্চলের সেরা বাংলাবিদ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম।

আয়োজকরা জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন ও ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় বিভাগীয় সেরা ২০ প্রতিযোগীকে। পরে বিচারকরা যাচাই করেন প্রতিযোগীদের উচ্চারণ, বানান ও ব্যাকরণের সুষ্ঠ প্রয়োগের ক্ষমতা যার মাধ্যমে সেরা জন নির্বাচিত হয়ে ঢাকায় মূলপর্বে যাবার সুযোগ পাবে।

উল্লেখ্য, ঢাকায় মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারী পাবে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১ টি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।