স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুই সহোদর ও যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- বড়কান্দা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত হাজী আবদুস সামাদ মিয়ার ছেলে ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শাহ আলম এবং মেঘনা উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর।
শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাতে রামপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা দেশীয় অস্ত্র, মদ, জুয়া খেলার সরঞ্জাম এবং মাদক সেবনের উপকরণ উদ্ধার করা হয়। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা এলাকায় আধিপত্য বিস্তার করতেন এবং জুয়ার আসর বসিয়ে মাদক বিক্রি করতেন।
ওসি আব্দুল জলিল আরও জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।












