কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় অনলাইনে চাকরির প্রলোভনে নারীর অশালীন ভিডিও ধারণ করে টাকা আদায়, মূল হোতা গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২২, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে ফাঁদে ফেলে তার অশালীন ছবি ও ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইলের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আব্বাস (৩৮)। তিনি ভোলা জেলার তজুমদ্দিন থানার গোলকপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২১ নভেম্বর ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা এবং তিনি একজন সৌদি প্রবাসীর স্ত্রী। গত ১৫ অক্টোবর ২০২৫ তারিখে আসামি টিকটক আইডির মাধ্যমে ওই নারীর সাথে যোগাযোগ করে ঘরে বসে অনলাইনে কাজ করে দৈনিক এক হাজার টাকা আয়ের প্রলোভন দেখায়। রেজিস্ট্রেশনের কথা বলে তার কাছ থেকে ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করে।

পরবর্তীতে একটি ভুয়া মোবাইল অ্যাপসের লিংক পাঠিয়ে রেজিস্ট্রেশন করানোর মাধ্যমে ভিকটিমের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আসামি। এরপর তার সংগৃহীত ছবি এডিট করে অশালীন ছবি ও ভিডিও তৈরি করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল শুরু করে।

লোকলজ্জা ও সামাজিক সম্মানের ভয়ে ভুক্তভোগী নারী বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে মোট ৭ লাখ টাকা প্রদান করেন। তবুও টাকা দাবি বন্ধ না হওয়ায় তিনি অপারগতা প্রকাশ করলে আসামিরা তার নগ্ন ছবি ও ভিডিও পরিবারের সদস্যদের মোবাইলে পাঠায় এবং তার ফেসবুক প্রোফাইলে সেগুলো আপলোড করে দেয়।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, মোঃ আব্বাস একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের প্রধান। এই চক্র দীর্ঘদিন ধরে নারীদের অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সাইবার অপরাধের মাধ্যমে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করে আসছিল।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কুমিল্লার দেবিদ্বার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।