কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে স্বাধীনতা দিবস উদযাপন

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৬, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবারের সদস্যরা ৫৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে যথাযোগ্য মর্যাদার সহিত এই দিনটি উদযাপন করা হয়।

আজ বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এর নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে স্বাধীনতা দিবসের র‍্যালি শুরু করে বিশ্ববিদ্যালয় পরিবাররের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শহীদ মিনারে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, আমরা এমন একটি দিবসে এখানে একত্রিত হয়েছি, যে দিবসটির কল্যাণে আমরা শুধুমাত্র একটি পতাকা বা একটি ভূখন্ড পাইনি, এটি আমাদের কথা বলার অধিকার, মতামত প্রকাশের অধিকার, কাজের অধিকার এনে দিয়েছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও এদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ বা উপলব্দিটুকু এখনো পায়নি। ছাত্র জনতার ২৪ এর গণআন্দোলনকে ধারন করে দৃঢ় ঐক্য, একতা, সততা, আন্তরিকতা, দেশেপ্রেমের মাধ্যমে সুন্দর সাম্যের বাংলাদেশ উপহার দিতে আমরা নিজেদেরকে নিয়োজিত রাখবো।

প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যারা শহিদ হয়েছেন এবং জুলাই ২৪ এ দ্বিতীয় বার স্বাধীনতার জন্য যারা শহিদ হয়েছেন, তাঁদের রূহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাঁদের সুস্থতা কামনা করছি। স্বাধীনতা শব্দটির অর্থ কি আগে সেটা আমাদের বুঝতে হবে। স্বাধীনতা মানে মৌলিক চাহিদার ৫টি জিনিস। জুলাই ২৪ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেটা আমরা সততা ও কাজের মাধ্যমে প্রমাণ করবো’।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভিন্ন বিভাগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।