আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিআরটিসি বাসের ধাক্কা লেগে আহত হয়েছেন এক শিক্ষার্থী। তিনি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ১২ তম ব্যাচের সাবিকুননাহার লিন্ডা।
আজ সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসের দিকে আসছিল। তখন বিশ্ববিদ্যালয় সংলগ্ন এটিএম বুথের সামনে শিক্ষার্থীর পেছন থেকে ধাক্কা লাগে।
মাথায় আঘাত লাগায় জ্ঞান হারিয়ে ফেলেন আহত শিক্ষার্থী। প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ আল নোমান বলেন, বাসটি কুমিল্লা শহর থেকে আসছিল। ক্যাম্পাসের পাশেই পাকিস্তানি মসজিদের সামনে মেয়েটিকে পেছন থেকে ধাক্কা দেয়, তাৎক্ষনিক তিনি (শিক্ষার্থী) অজ্ঞান হয়ে পড়েন।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চীফ মেডিকেল অফিসার মাহমুদুল হাসান খান বলেন, মাথার পেছনে আঘাত পাওয়ায় সেন্সলেস হয়ে গেছে। তবে ভালো খবর হলো বমি হয়নি। মাথায় আঘাত পাওয়ায় ২৪ ঘন্টা পর্যন্ত একটি রিস্ক থাকে, তাই আমরা কুমিল্লা মেডিকেলে রেফার করেছি।
পরিবহন পুলের পরিচালক স্বপন চন্দ্র মজুমদার বলেন – মেয়েটা এখন সম্পূর্ণ সুস্থ আছে, ওকে রিলিজ দিয়েছে। আমি, জুয়েল এবং বিআরটিসি ম্যানেজার সহ একাউন্টিং বিভাগের সজীব স্যার দেখা করেছি ওখানে ওর ক্লাসমেটরা আছে । মেয়েটার সব কিছু নরমাল আছে, শারীরিক ভাবে ভালো আছে। সিটিক্স্যান সহ যাবতীয় টেস্টসহ সবকিছুর রিপোর্ট নরমাল আসছে। এছাড়া চিকিৎসার খরচাদি সম্পূর্ণ বিআরটিসি কর্তৃপক্ষ বহন করবে।












