ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি ড্র হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে কোনো দলই গোলের দেখা পায়নি।
কিংস-মোহামেডানের হাইভোল্টেজ ম্যাচে ম্যাড়মেড়ে ড্র
খেলার সময়
গোলের দেখা না মিললেও ম্যাচে একবার জালে বল পাঠিয়েছিল বসুন্ধরা। প্রথমার্ধের ৪৫ মিনিটে ৪৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের বাড়ানো বলে প্লেসিংয়ে জালে বল জড়ান রাকিব হোসেন। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি।
দ্বিতীয়ার্ধেও বেশকিছু সংঘবদ্ধ আক্রমণ করে কিংস। তবে মোহামেডানের গোলরক্ষক সুজনের দেয়াল ভাঙতে পারেনি তারা। কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন আজ খেলেননি। তার অনুপস্থিতিতে ফিনিশিংয়ে দুর্বলতা লক্ষ্য করা গেছে কিংসের।
ম্যাচের অতিরিক্ত সময়ে জয় নিয়ে মাঠ ছাড়ার সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করে মোহামেডান। ইনজুরি সময়ের শেষদিকে কাউন্টার অ্যাটাকে রহিম উদ্দিন একা বল নিয়ে কিংসের বক্সে প্রবেশ করেন। শট নেওয়ার মতো পজিশনে থাকলেও সতীর্থ স্যামুয়েল বোয়েটাংয়ের জন্য বল বাড়িয়ে দেন। বোয়েটাং সেই বল ধরতে পারেননি। কিংসের ডিফেন্ডার তপু বর্মণ ক্লিয়ার করেন।
এই ড্রয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকল মোহামেডান। ফর্টিজেরও সমান ৫ পয়েন্ট। গোল ব্যবধানে তারা এগিয়ে থাকায় শীর্ষে। বসুন্ধরা কিংস দুই ম্যাচে দুই পয়েন্টে টেবিলের চতুর্থ স্থানে।












