ডেস্ক রিপোর্ট:
কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন বলে মন্তব্য করেছেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান।
বুধবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেফতার পর ঢাকা মহানগর মেট্রোপলিটন আদালতে তাকে হাজির করা হয়। আদালত থেকে নামানোর সময় তিনি এ মন্তব্য করেন।
সকাল ১০টা ৬ মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে আনিসুল হক, শাহজাহান খান, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সোলায়মান সেলিমসহ অন্যান্য আসামিদের হাজির করা হয়। এ সময় তাদের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয় এবং হ্যান্ডকাফ পরিয়ে হাজত থেকে বের করা হয়।
এ সময় এক সাংবাদিক তাকে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, “আছি তোমাদের দোয়ায়। দোয়া করবে আমার জন্য।”
তখন ওই সাংবাদিক বলেন, কি দোয়া করব?
উওরে শাহজানান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি, এ সমস্ত কারণে দোয়া করবা ।
তখন ওই সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন। তখন শাহজাহান খান বলেন, আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে।
পরে তাদের কাঠগড়ায় উঠানো হয়। এসময় তাদের হাতের হ্যান্ডকাফ, মাথার হেলমেট খুলে দেওয়া হয়।এরপর ১০ টা ১৫ মিনিটে বিচারক এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। পরে আদালত এক এক করে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এরপর তাদের আদালত থেকে নামিয়ে গারদখানার উদ্দেশ্যে নেওয়া হয়। এসময় আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি এত হাসেন কেন। তখন শাহজাহান খান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকবো। এর তিনি কারাগারে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, খুব ভাল আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।
এরপর তাকে গারদ খানার ভিতরে নিয়ে যাওয়া হয়।












