ডেস্ক রিপোর্ট:
শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে দেখা যাবে না। পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি গোড়ালির চোটের কারণে এই সফর থেকে ছিটকে গেছেন তিনি। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে তাকে নিয়ে যে শঙ্কা ছিল, সেটি দূর হয়েছে। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফির দলে কামিন্সকে রেখেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আসন্ন আসরে গ্রুপপর্বে অজিদের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এই কঠিন চ্যালেঞ্জ মাথায় রেখে শক্তিশালী দল গড়েছে অস্ট্রেলিয়া।
স্কোয়াডে চমক হিসেবে প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টে জায়গা পেয়েছেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। পেস আক্রমণভাগে কামিন্সের সঙ্গে থাকছেন জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান এলিস। একমাত্র স্পিনার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে অ্যাডাম জাম্পাকে।
দল ঘোষণার পর প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে যারা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে, তাদের নিয়েই এই স্কোয়াড গড়া হয়েছে। পাকিস্তানের কন্ডিশন এবং প্রতিপক্ষ বিবেচনায় টিম ম্যানেজমেন্টের কাছে যথেষ্ট বিকল্প থাকবে একাদশ সাজানোর ক্ষেত্রে।’
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া আগামী ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে অজিরা।
২০০৯ সালের পর থেকে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা অস্ট্রেলিয়ার হাতছাড়া। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া কামিন্সের দল। ট্রফি জয়ের লক্ষ্যেই নিজেদের সেরা দল নিয়ে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়া স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।












