বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে।
কানাডার সাসকাচোওয়ান প্রদেশের সাস্কাটুনে অবস্থিত শতবর্ষী এই পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও আধুনিক শিক্ষাব্যবস্থার জন্য পরিচিত। বর্তমানে বিশ্বের ১৩০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করছেন।
স্কলারশিপের আওতায় স্নাতক পর্যায়ে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ হিসেবে সর্বোচ্চ ১০ হাজার ডলার এবং ‘ইন্টারন্যাশনাল ব্যাকালোরেট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ হিসেবে ২০ হাজার ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে। এছাড়া স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়েও মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন বৃত্তির সুযোগ রয়েছে।
আবেদনের ক্ষেত্রে স্নাতক পর্যায়ের জন্য বিদেশি হাইস্কুল থেকে উত্তীর্ণ হতে হবে। স্নাতকোত্তর পর্যায়ের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস, টোয়েফল বা ডুয়োলিঙ্গোর যেকোনো একটি পরীক্ষার সনদ প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়টিতে সমাজবিজ্ঞান, আইন, কৃষি, প্রকৌশল, ব্যবসা, স্বাস্থ্যবিজ্ঞানসহ নানা বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে।
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।














