ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি)।
সোমবার (৩০ মার্চ) দুপুরে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাত ও সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)’র অধীন কসবার মাদলা বিওপির বিশেষ টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালায়। ওই অভিযানে কাশিরামপুর সীমান্ত পিলার-২০৪৫/এম এলাকা থেকে ভারতীয় উন্নতমানের দুই হাজার ৪৬৮ পিস শাড়ি জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য-দুই কোটি ছয় লাখ ২১ হাজার টাকা।
অপরদিকে, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-২০৪৩/৩-এস শূন্য লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁন্দখলা নামক স্থান হতে ভারতীয় উন্নতমানের ১৭ হাজার ২৯৫ পিস চশমা ও ১০০ কেজি কফি জব্দ করে বিজিবি জওয়ানরা। যার সিজার মূল্য এক কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।


.












