কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলঙ্কজনক নির্বাচনে যুক্তদের বিচারের আওতায় আনার সুপারিশ করেছি : কুমিল্লায় নির্বাচন সংস্কার কমিশন

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৮, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

গত তিনটি নির্বাচন, বিশেষ করে ২০১৮ সালে যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, বিশেষ কমিশন গঠন করে সে নির্বাচনে যারা যুক্ত ছিল ও জালিয়াতি করেছে তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

শনিবার (১৮ জানুয়ারি) কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-তে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে “এএইচকে স্যাটেলাইট সিটি বিষয়ে কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন” শীর্ষক সেমিনারের আয়োজন করে স্থানীয় সংগঠন ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’। মূল বক্তব্য উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

ড. বদিউল আলম মজুমদার বলেন, “রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করতে হবে। আমাদের সুপারিশ অনুযায়ী, এমন ব্যবস্থা নিতে হবে যেন স্বৈরাচার ও ফ্যাসিস্টরা আর সংসদে আসন নিতে না পারে। যোগ্যতা-অযোগ্যতার নিরিখে আমরা এমন কিছু প্রস্তাব করেছি, যাতে অযোগ্য ও কুৎসিত চরিত্রের ব্যক্তিরা জাতীয় সংসদে প্রবেশ করতে না পারে।”

তিনি আরও বলেন, “যারা বিচারবহির্ভূত হত্যা, নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাদের যেন কোনো রাজনৈতিক দলে জায়গা না দেওয়া হয়।”

নির্বাচন কমিশনের প্রতি দায়বদ্ধতার আহ্বান জানিয়ে বদিউল আলম বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে কেউই দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়। আমরা নির্বাচন কমিশনকে সংসদীয় বিশেষ কমিটির কাছে দায়বদ্ধ করার প্রস্তাব করেছি। কমিশন যদি কোনো অন্যায় করে বা সংবিধান লঙ্ঘন করে, তাহলে সংসদীয় কমিটি তদন্ত করে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দেবে।”

স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে তিনি বলেন, “এগুলোকে নির্দলীয় করার সুপারিশ করেছি আমরা। স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করতে বাজেটের ৩০ শতাংশ তাদের বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছি। কারণ, স্থানীয় সরকার জনগণের দোরগোড়ায় কাজ করে।”

রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্রপতিকে নির্দলীয় করার পাশাপাশি এই নির্বাচনে স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।”

বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এমএম শরীফুল করীম, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া এবং জাতীয় সমবায় ইউনিয়নের সহসভাপতি কাজী নাজমুস সাদাত।