ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথম সরকারি সফরে সৌদি আরব গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মদিনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন।
মদিনায় কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘ওমরাহ ও ভিজিট ফোরাম’-এ অংশ নেবেন ধর্মমন্ত্রী। ওমরাহ যাত্রীদের সেবা উন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রমে সহায়তা বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে।
সফরকালে তিনি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এছাড়া চলতি বছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং হজযাত্রীদের আবাসন ব্যবস্থা পরিদর্শন করবেন।
আগামী ৫ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।












