কুমিল্লাসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এসএসসির খাতা পুনর্মূল্যায়নে ১২ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা করছে সরকার

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৭, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন নিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার এসএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। এরই মধ্যে প্রায় ১২ লাখেরও বেশি খাতা পুনর্মূল্যায়নের আবেদন জমা হয়েছে। বিপুলসংখ্যক আবেদন দেখে মনে হচ্ছে, প্রায় সব শিক্ষার্থীই তাদের খাতা পুনর্মূল্যায়ন করতে চাইছে।

সোমবার সকালে রাজধানী ঢাকার বনানীতে শেরাটন হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’- অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল—‘বেঞ্চমার্ক বাংলাদেশ: বিল্ডিং ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটিজ থ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস’। সম্মেলনে বাংলাদেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

মন্ত্রী বলেন, এত বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য। এ কারণে উত্তরপত্র পুনর্মূল্যায়নের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার। নতুন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আওতায় আসবে, সে বিষয়টি নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।