কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার শুটিং সেটে প্রাণনাশের হুমকির মুখে সালমান খান

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৫, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বলিউড সুপারস্টার সালমান খান একের পর এক হত্যার হুমকির মুখোমুখি হচ্ছেন। কখনো ফোনে, কখনো পুলিশের মাধ্যমে মেসেজ পাঠিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তার বাড়িতে গুলিও ছোঁড়া হয়েছিল। এবার শুটিং সেটে সরাসরি তাকে খুনের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের প্রতিবেদন অনুযায়ী, সালমান খান মুম্বাইয়ের দাদারে তার আসন্ন সিনেমার শুটিং করছিলেন। এ সময় একজন ব্যক্তি, যিনি নিজেকে সালমানের ভক্ত বলে দাবি করছিলেন, শুটিং দেখতে চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে সরে যাওয়ার অনুরোধ করলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর ওই ব্যক্তি নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তর্কের সময় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম উল্লেখ করেন, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। একপর্যায়ে তিনি সবার সামনে সালমান খানকে খুনের হুমকি দেন।

এই ঘটনা ঘটার পরপরই নিরাপত্তা দল পুলিশের সাহায্য চান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২৬ বছর বয়সী সেই যুবককে হেফাজতে নেয়। নিরাপত্তারক্ষীদের কারণে ওই ব্যক্তি সালমানের কাছে যেতে পারেননি, তবে দূর থেকেই হুমকি দেন।

পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, শুটিং ভেন্যুতে প্রবেশে বাধা দেওয়ায় রাগের বশে ওই যুবক এমন ভাষা ব্যবহার করেন। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এর আগেও সালমান খানকে হত্যার হুমকি দিয়েছে, যা তারা স্বীকারও করেছে। এই কারণে অভিনেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সালমান খান সম্প্রতি দুবাই থেকে ২ কোটি রুপি খরচ করে একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন। তবে এসব ঘটনা নিয়ে এখনও সালমান খান কোনো মন্তব্য করেননি।

বলিউডের ভাইজানকে ঘিরে একের পর এক এমন ঘটনায় তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বেশ উদ্বিগ্ন।