কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক মাসে কুমিল্লায় ৭ খুন, ২৫ নারী-শিশু নির্যাতন

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৩, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় গত ডিসেম্বর মাসে সাতটি খুনের ঘটনা ঘটেছে। এ সময় ২৫টি নারী ও শিশু নির্যাতন, ছয়টি ধর্ষণসহ বিভিন্ন অপরাধের ঘটনায় মোট ৩৯৯টি মামলা দায়ের হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।

অপরাধের বিবরণী অনুযায়ী, কুমিল্লায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। ডিসেম্বরে সাতটি খুনের ঘটনায় ৩৯৯টি মামলা করা হয়েছে। পাশাপাশি ৫৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বরে কুমিল্লায় ১০টি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। মাদকদ্রব্য, চোরাচালানবিরোধী ও টাস্কফোর্সের ১৯টি অভিযানে ৫ জন, পুলিশ ৮২২টি অভিযানে ১৪০ জন, বিজিবি ১৮৬১টি অভিযানে ৫ জন, র‌্যাবের ১৩টি অভিযানে ২৩ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৬০টি অভিযানে ৪১ জন আটক হয়েছেন।

সভায় আরও জানানো হয়, পরিবেশদূষণ রোধে ৭১টি অভিযানে ১০৬টি মামলায় ৭ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৮টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১৫টি প্রতিষ্ঠানকে ৯৪ হাজার টাকা জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৭টি অভিযান চালিয়ে ৪০টি মামলায় ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

ডিসেম্বরে বন বিভাগ ১৩৪টি অভিযান চালায়। মাদক ও চোরাচালান সংক্রান্ত ১১৩টি মামলা করা হয়েছে, যার মধ্যে ৮৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৯টি মোবাইল কোর্টে ৩৩২টি মামলায় ৪৯ লাখ ৯৫ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নিচু জমিতে বালু ভরাট, পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪৬টি অভিযানে ৩৮ মামলায় ৩০ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।