কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একাত্তরের ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

একাত্তরের ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, “জামায়াতে ইসলামীকে মহান মুক্তিযুদ্ধে তাদের অবস্থানের জন্য ক্ষমা চাইতে হবে। স্বাধীনতা যুদ্ধে আপনাদের ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করুন।”

বুধবার রাত ৮টায় উখিয়ার কোটবাজারে কক্সবাজার-৪ আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন।

কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। আর কক্সবাজার-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালাহউদ্দিন আহমদ।

নিজ এলাকার বাইরে এসে এবারের নির্বাচনে এই প্রথম তিনি অন্য আসনে ধানের শীষের পক্ষে প্রচারে অংশ নিলেন।

এ সময় শাহজাহান চৌধুরীকে ‘বড় ভাই’ সম্বোধন করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি আমার বদ্দা শাহজাহান চৌধুরীর ছোট ভাই। উনাকে আমি সবসময় সম্মান করি। আমার শ্রদ্ধেয় বড় ভাই ১৯৭৯ সাল থেকে এই এলাকার সংসদ সদস্য ছিলেন, জাতীয় সংসদের হুইপ ছিলেন।”

“ইনশাআল্লাহ আপনারা যদি বড় ভাইকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, তিনি আরও বেশি মর্যাদাবান হবেন।”

বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, “ধানের শীষ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতীক হিসেবে নিয়েছিলেন। কারণ, এটি বাংলাদেশের মার্কা, আপামর জনতার মার্কা।”

“অতীতে যেমন আপনাদের সেবক ছিলাম, আমৃত্যু সেবকই থাকব- ইনশাআল্লাহ।”

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।