দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর–এর একটি বিলাসবহুল প্রাসাদে সীমিত পরিসরে ও কড়া গোপনীয়তায় সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে সকাল সাড়ে ১১টার দিকে প্রথম পর্বের বিয়ে অনুষ্ঠিত হয়। পরে বিকেলে রাশমিকার পারিবারিক প্রথা অনুযায়ী দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সন্ধ্যা ৭টার পর নবদম্পতি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করেন।
২৩ ফেব্রুয়ারি থেকেই শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিশেষ ডিনার আয়োজনের মাধ্যমে আত্মীয়-স্বজনদের সঙ্গে উদযাপন করেন তারা। পাশাপাশি আয়োজিত হয় ভলিবল ও ক্রিকেট ম্যাচ। মঙ্গলবার রাতে বসে সংগীতের জমকালো আসর। ওই রাতেই বিজয়ের মা পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে রাশমিকাকে সোনার বালা উপহার দেন।
বিয়ের ছবি প্রকাশ করে রাশমিকা লেখেন, বিজয় তাকে সত্যিকারের ভালোবাসা ও সুখের অর্থ বুঝতে শিখিয়েছেন এবং সবসময় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন। অন্যদিকে বিজয় লেখেন, দীর্ঘদিনের সেরা বন্ধুকেই আজ জীবনসঙ্গী হিসেবে পাশে পেয়েছেন।
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন। চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের জন্য আগামী ৪ মার্চ হায়দরাবাদে সংবর্ধনা আয়োজনের ঘোষণা দিয়েছেন নবদম্পতি।












