আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তাজনিত কারণে কুয়েত সরকার সব ধরনের জনসমাগমমূলক আয়োজন বন্ধের নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
মঙ্গলবার (১৭ মার্চ) Embassy of Bangladesh in Kuwait এক বিজ্ঞপ্তিতে জানায়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঈদের ছুটিতে নাটক, সংগীতানুষ্ঠান, কনসার্ট, বিয়ে অনুষ্ঠানসহ যেকোনো জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়। একই সঙ্গে স্থানীয় আইন এবং পরিস্থিতি অনুযায়ী কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার বিষয়ে সচেতন ও সহযোগিতামূলক আচরণের আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস আরও উল্লেখ করে, সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


.












