কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসির আপিল শুনানিতেও বাতিল চুন্নুর মনোনয়ন

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৫, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতেও বাতিল হয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাহী চেয়ারম্যান ও জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির শুনানিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জানা গেছে, দলীয় মনোনয়নপত্রে থাকা স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশনে দাখিল করা মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকায় কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য প্রার্থী মুজিবুল হক চুন্নু আপিলেও তার প্রার্থিতা ফিরে পাননি।

গত ৪ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে ঋণখেলাপি হওয়া এবং মনোনয়নপত্রে জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাক্ষর না থাকাসহ একাধিক ত্রুটির কারণে তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা।

এদিন শুনানিতে ১০৪টি আপিল আবেদনের মধ্যে ৬০টি মঞ্জুর এবং ৩৪টি নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে গেলো ছয়দিনে ৩৩৭টি আবেদন মঞ্জুর করেছে কমিশন।

শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়ে খুশি প্রার্থীরা। তবে বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও বাতিল হয়েছে অনেক প্রার্থীর মনোনয়ন। বাতিল হওয়া প্রার্থীরা জানান নানা অভিযোগ।

দ্বৈত নাগরিকের অভিযোগে কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহবুবুল আলমের মনোনয়ন স্থগিত রেখেছে ইসি। এদিকে চট্টগ্রাম-৭ আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে।