মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের দিকে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এ ঘটনায় দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফের তথ্য অনুযায়ী, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর জর্ডান ভ্যালির কয়েকটি পশ্চিম তীরের বসতি এবং বেইত শেআন ভ্যালি অঞ্চলের শহরগুলোতে সাইরেন বাজানো হয়। এতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের বিভিন্ন স্থানে সরকারি সংশ্লিষ্ট কয়েক ডজন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর একটি ড্রোন সদর দপ্তরও রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ওই স্থাপনা থেকে আগে ইসরায়েলের দিকে ড্রোন ছোড়া হয়েছিল এবং সেখানে হামলার জন্য প্রস্তুত অবস্থায় আরও কয়েকটি ড্রোন রাখা ছিল।
সর্বশেষ অভিযানে ড্রোন সংরক্ষণাগার এবং কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।












