ডেস্ক রিপোর্ট:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৮৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। পবিত্র রমজান মাসে ইসরায়েলের এই নৃশংস হামলায় গত তিন দিনে প্রায় ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে স্থল অভিযান অব্যাহত রেখেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৮৫ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৬১৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া, এই সময়ে কমপক্ষে ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় আশঙ্কা করছে যে ভুক্তভোগীর সংখ্যা আরও বাড়তে পারে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৮ মার্চ) গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলের হামলায় ৫৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বিমান হামলা ও স্থল হামলা বাড়ার সাথে সাথে নিহত ও আহতের সংখ্যাও বাড়ছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ গাজার রাফাতে স্থল আক্রমণ চালাচ্ছে এবং সৈন্যরা বেইত লাহিয়া শহর ও উত্তর দিকে কেন্দ্রীয় এলাকায় অগ্রসর হচ্ছে। ইসরায়েলি সৈন্যরা গাজা উপত্যকায় পুনরায় শুরু করা স্থল অভিযান আরও সম্প্রসারিত করার লক্ষ্যে বুধবার (১৯ মার্চ) ওই অঞ্চলের উত্তর-দক্ষিণের প্রধান পথ বন্ধ করে দিয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার (২০ মার্চ) ইসরায়েলের বাণিজ্যকেন্দ্র তেল আবিবে রকেট হামলা চালিয়েছে গাজায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। তারা দাবি করেছে যে স্থল ও আকাশপথে ইসরায়েলের নতুন হামলায় বেসামরিক প্রাণহানি বৃদ্ধির প্রতিশোধে এই হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ইসরায়েল জানিয়েছে।
সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি











