ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় সংরক্ষিত রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, বীরশেবা শহরের কাছে নিওত হোভাভ শিল্পাঞ্চলের একটি কারখানায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকল বাহিনী দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং ক্ষতিগ্রস্ত রাসায়নিক ইউনিটগুলো নিরাপদে আনতে চেষ্টা চালায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে কারখানার কর্মীসহ আশপাশের স্থাপনার লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার শঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। তাদের ঘরের ভেতরে অবস্থান করা, দরজা-জানালা বন্ধ রাখা এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


.












