চলমান সংঘাতের ১৩তম দিনে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য হামলা অব্যাহত রেখেছে ইরানের সেনাবাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। নতুন করে ইসরাইলের নিরাপত্তা সংস্থার সদর দফতর ও দেশটির দুইটি বিমান ঘাঁটিতে হামলা করেছে ইরান।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলের দুটি বিমান ঘাঁটি ও তেল আবিবে অবস্থিত দেশটির নিরাপত্তা সংস্থার সদরদফতর শিন বেতে ড্রোন দিয়ে হামলা করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানায়, ভূমধ্যসাগরীয় উপকূলে ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত পালমাচিম বিমান ঘাঁটি এবং দক্ষিণ ইসরাইলেরর ওভদা বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
এদিকে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) মধ্যরাত থেকে অন্তত চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জেরুজালেম, দক্ষিণ ও পশ্চিম তীরের কিছু অংশে সাইরেন বেজে উঠে।
এদিকে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৭৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।
টাইমস অব ইসরাইল জানায়, হাসপাতালে চিকিৎসাধীন চারজনের অবস্থা মাঝারি অবস্থায় রয়েছে। আর ১৫৭ জনের অবস্থা ভালো এবং ১৮ জনকে উদ্বেগের জন্য চিকিৎসা দেয়া হচ্ছে।


.












