ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পাশাপাশি আহতের সংখ্যা বেড়ে প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে। সোমবার (১৬ মার্চ) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, আহতদের মধ্যে বেশিরভাগই সামান্য আহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ১৮০ জন ইতোমধ্যে দায়িত্বে ফিরে গেছেন। তবে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। আহত সেনারা কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, ইরাক ও ইসরাইলে দায়িত্ব পালনকালে আহত হন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতে হামলা শুরু করে। এরপর থেকেই সংঘাত তীব্র আকার ধারণ করে।
একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র প্রায় এক ডজন এমকিউ-৯ ড্রোন হারিয়েছে।
এর আগে সেন্টকম ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবরও নিশ্চিত করে। এছাড়া যুদ্ধ শুরুর পরপরই ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর ঘটনায় তিনটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাও ঘটে।


.












