ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্র ইসরাইলের কাছে একটি গোপন বার্তা পাঠিয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে ইসরাইলের চ্যানেল ১৪।
চ্যানেলটির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মিডল ইস্ট মনিটর বলছে, মার্কিন বার্তায় উল্লেখ করা হয়েছে যে হামলার প্রস্তুতি প্রক্রিয়া প্রায় দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন হতে পারে এবং আগামী কয়েক মাসের মধ্যেই তা বাস্তবায়নের উপযুক্ত সুযোগও সৃষ্টি হতে পারে।
তবে মার্কিন কর্মকর্তারা এটাও স্পষ্ট করেছেন যে তারা প্রস্তুতি শেষ হওয়ার জন্য অপেক্ষা করছেন, এমনটি নয়। তাদের দৃষ্টিতে, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলে হামলা আরও আগেই চালানো হতে পারে। যদিও বর্তমানে সেটি বিবেচনায় আছে বলে মনে হচ্ছে না।
মিডল ইস্ট মনিটর বলছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি জোরদার অব্যাহত রেখেছে, যা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।
এছাড়া বর্তমানে ওই অঞ্চলে স্থলভাগে যুক্তরাষ্ট্রের ব্যাপক ও নজিরবিহীন সেনা মোতায়েন করা হয়েছে, যা মার্কিন সেনাবাহিনীকে সামরিক অভিযান পরিচালনার প্রায় পূর্ণ স্বাধীনতা দিয়েছে।












