মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মাত্রায় পৌঁছাতে পারে—এমন ইঙ্গিত মিলেছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পরিকল্পনায়। মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সীমিত পরিসরে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।
শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়, পরিকল্পনায় খার্গ দ্বীপ ও হরমুজ প্রণালীর আশপাশের উপকূলীয় এলাকাকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এতে বিশেষ বাহিনী ও নিয়মিত সেনাদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে সম্ভাব্য অভিযান পূর্ণমাত্রার যুদ্ধের পর্যায়ে যাবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপ দখল করা হলে তা কৌশলগতভাবে বড় চাপ সৃষ্টি করতে পারে। পাশাপাশি হরমুজ প্রণালীর আশপাশে সামরিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্যেও অভিযান চালানোর চিন্তাভাবনা রয়েছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এসব এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেয়ে সেখানে অবস্থানরত সেনাদের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র বারবার এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় উন্মুক্ত করার আহ্বান জানিয়ে আসছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


.












