ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পাশাপাশি ব্যাপক সাইবার আক্রমণ চালানো হয়েছে, যার ফলে দেশের মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানি গণমাধ্যম Fars News এই তথ্য নিশ্চিত করেছে।
Tasnim News জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ বা সীমিত হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ মোবাইল অ্যাপ ঠিকভাবে কাজ করছে না, এবং দেশের গণমাধ্যমের বেশ কয়েকটি ওয়েবসাইটও বন্ধ রয়েছে। এ তালিকায় রয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA, যদিও সংস্থার টেলিগ্রাম চ্যানেল এখনও সচল আছে।
রাজধানী তেহরানসহ দেশের বড় বড় শহরে মোবাইল ফোনে কথা বলা যাচ্ছে না, এবং বাসিন্দারা যে কোনো মুহূর্তে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ হওয়ার শঙ্কায় রয়েছেন।












