কুমিল্লামঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানে বেসামরিক স্থাপনায় হামলা ‘অবৈধ’: যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইইউ

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৬, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের বেসামরিক অবকাঠামো ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে হামলার হুমকিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (৬ এপ্রিল) ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কস্তা এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এ বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পরিপ্রেক্ষিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

কস্তা বলেন, যুদ্ধের সময় বিদ্যুৎকেন্দ্রসহ কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনে বলেন, এই নীতি বিশ্বব্যাপী সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।

তিনি আরও উল্লেখ করেন, ইরানের সাধারণ জনগণ ইতোমধ্যেই নানা সংকটে রয়েছে। সংঘাত আরও বিস্তৃত হলে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

একই সঙ্গে ইইউ যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরানকেও সংযত থাকার আহ্বান জানিয়েছে। আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা বন্ধ এবং হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইইউ মনে করে, দীর্ঘস্থায়ী এই সংঘাতের সমাধান সামরিক শক্তি প্রয়োগে নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।