ইরানের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছেন।
রবিবার (১৫ মার্চ) ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
তবে ইসরাইলিদের আহত হওয়ার সুনির্দিষ্ট কারণের বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়। তাদের মধ্যে অনেকে সরাসরি ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিংবা লেবানন থেকে আসা রকেটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময়ও অনেকে হুড়োহুড়িতে আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮১ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।










