কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তা নির্ভর করছে দলটির নিবন্ধন অবস্থার ওপর’

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৬, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তা নির্ভর করছে দলটির নিবন্ধন অবস্থা কী থাকবে তার ওপর। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেওয়া বেশ কিছু সুপারিশ বাস্তবায়িত হলে কমিশনের স্বাধীনতা সংকুচিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

রোববার নির্বাচন ভবনে আয়োজিত আরএফইডি টক-এ সিইসি এসব মন্তব্য করেন।

তিন মাসের কর্মযজ্ঞে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ১৮টি এরিয়া ধরে ১৫০টি সুপারিশ জমা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবনা হলো: নির্বাচন কমিশনকে সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করতে বাধ্য করা, সীমানা পুনঃনির্ধারণের জন্য আলাদা স্বাধীন কর্তৃপক্ষ গঠন করা, এবং ভোটার তালিকা প্রস্তুতিতে স্বাধীন কর্তৃপক্ষের ভূমিকা রাখা। এসব প্রস্তাবের বিরুদ্ধে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কমিশনের স্বাধীন দায়িত্ব পালনে এসব সুপারিশ বাধা সৃষ্টি করবে এবং এগুলো বাস্তবায়িত হলে কমিশনের সাংবিধানিক স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে সিইসি আরও বলেন, যদি ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে অক্টোবরে নির্বাচনী প্রস্তুতি নিতে হবে। সংস্কারের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হলে, তা কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

স্থানীয় সরকার নির্বাচন ইসি’র নয়, সরকারের বিষয় মন্তব্য করে সিইসি বলেন, স্থানীয় নির্বাচন আয়োজন করতে প্রায় এক বছর সময় লাগবে। যদি এসব নির্বাচন আয়োজন করতে হয়, তাহলে প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটি নির্ভর করবে দলটির নিবন্ধন অবস্থা কী থাকবে তার ওপর। তবে আওয়ামী লীগের বিষয় নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক সিদ্ধান্ত হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে।

জাতীয় নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর উপর পুরোপুরি নির্ভর করতে চান না সিইসি। তিনি বলেন, জনগণই মূলত নির্বাচনকালীন অস্বাভাবিকতা ও অনিয়ম রোধে পাহারাদার হিসেবে কাজ করবে, এবং প্রয়োজন হলে বিএনসিসি’কে সহায়তার জন্য কাজে লাগানো হবে।