ডেস্ক রিপোর্ট:
আলটিমেটাম বা সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ছাত্ররা আন্দোলন করছে এটা ভালো, তবে তাদের পরীক্ষাও দিতে হবে। যদি কর্মসূচি দিতেই হয়, তাহলে শিক্ষা কার্যক্রম ও জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন করা উচিত নয়। দাবির মুখে সরকার বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না।
রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, সাতটি কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চলছে, যার মধ্যে তিতুমীর কলেজও থাকবে। তবে বিশেষ বিবেচনায় রাখা হবে রাজশাহী কলেজকে। কারণ রাজশাহী কলেজ অনেক পুরোনো এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
তিতুমীর কলেজকে বিশেষ বিবেচনায় নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো বিশেষ বিবেচনা করিনি। তবে যদি বিশেষ বিবেচনায় নেওয়া হয়, সেটা হবে রাজশাহী কলেজ। আলটিমেটাম বা সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায় না। আমরা এসেছি সুশাসন ও সংস্কারের জন্য।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, সাতটি কলেজকে বিশ্ববিদ্যালয়ের আদলে গড়ে তোলার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।
তিনি বলেন, দেশের মোট বিশ্ববিদ্যালয়ের অর্ধেকই গঠিত হয়েছে গত সাত বছরে, যা বিশ্বে একটি অনন্য রেকর্ড। আন্দোলন করা ভালো, কিন্তু পরীক্ষাও দিতে হবে। যারা নিয়মিত ক্লাস করতে চায় এবং জনদুর্ভোগ যেন না হয়, সেদিকে নজর রেখে কর্মসূচি দেওয়া উচিত।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, সময় বেঁধে দিয়ে দাবি জানানো যৌক্তিক নয়। দাবির মুখে আমরা এমন কোনো অযৌক্তিক কিছু মেনে নেব না।












