কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমাদের মূল লক্ষ্য হলো সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, সেটা যখনই হোক: সিইসি

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৪, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

জাতীয় নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, আজকের বৈঠকে এ ধরনের কোনো আলোচনা হয়নি। আমাদের মূল লক্ষ্য হলো সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, সেটা যখনই হোক। কীভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, সেই বিষয় নিয়েই আলোচনা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনসহ সংশ্লিষ্ট কমিশনারদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের সঙ্গে মতবিনিময়ের পর তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে কী পরিস্থিতি, তা আমরা সবাই জানি। সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী ঘাটতি রয়েছে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

নির্বাচন কমিশনার জানান, এটি আমাদের প্রথম এবং একমাত্র বৈঠক নয়। আগামীতে আরও বৈঠক হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছু তথ্য আদান-প্রদান করবো এবং আশা করছি তারা সময় বের করে আমাদের সঙ্গে একাধিকবার বসবেন, যাতে আমরা উপকৃত হতে পারি এবং তখন আরও সুনির্দিষ্ট কিছু বলার সুযোগ পাবো। পাশাপাশি অতীতের অভিজ্ঞতাগুলো নিয়েও কাজ করবো।

নির্বাচন কখন হওয়া উচিত, এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সময় নিয়ে এখানে কোনো আলোচনা হয়নি। নির্বাচন কীভাবে হওয়া উচিত এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কি করা দরকার, সে বিষয় নিয়েই আলোচনা হয়েছে।

সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মেজর ঘাটতি কী, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে আস্থার অভাব। নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।

আস্থা কীভাবে ফিরিয়ে আনবেন, জানতে চাইলে তিনি বলেন, এটি একটি সমগ্র বিষয়। এখানে দাঁড়িয়ে এক লাইনে বলা সম্ভব নয়।