কুমিল্লাসোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আফগানরা ঐক্যবদ্ধভাবে তাদের মাতৃভূমি রক্ষা করবে

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেছেন, আফগানরা সব পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে নিজেদের প্রিয় মাতৃভূমি রক্ষা করবে এবং যেকোনো আগ্রাসনের সাহসের সঙ্গে মোকাবিলা করবে।

কারজাই আরও বলেন, পাকিস্তানকে তাদের নীতি পরিবর্তন করতে হবে এবং আফগানিস্তানের সঙ্গে ভালো প্রতিবেশীসুলভ, সম্মানজনক ও সভ্য সম্পর্ক গড়ে তুলতে হবে।

কয়েক মাসের উত্তেজনার পর ফের সংঘাতে জড়িয়ে পড়েছে প্রতিবেশী দুই মুসলিমপ্রধান দেশ আফগানিস্তান ও পাকিস্তান।   
গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী।

এতে ১৩ বেসামরিক মানুষ নিহত হন বলে জানায় আফগানিস্তানে জাতিসংঘের মিশন। তবে ইসলামাবাদের দাবি, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। আর ১৮ জন নিহত হওয়ার খবর জানায় কাবুল।

জবাবে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায়। এতে দুই সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ।

এর পরপর গত রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দেন।

আজ শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে (বৃহস্পতিবার দিবাগত রাত) খাজা মোহাম্মদ আসিফ পোস্টে লেখেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে।

পাকিস্তান সরকারের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে প্রতিশোধমূলক অভিযানে আফগান তালেবান সরকারের ১৩৩ জন সদস্য নিহত হয়েছেন এবং আরও ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।

পাকিস্তান আরও বলছে, তারা আফগান তালেবানের ২৭টি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে এবং তালেবান বাহিনীর ওপর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

প্রতিক্রিয়ায় পাকিস্তানে হামলা চালায় আফগান বাহিনীও। আফগানিস্তানের তালেবান সরকার বলছে, তারা পূর্ব ও দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে পাল্টা হামলা চালিয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বিবিসিকে জানিয়েছেন, আফগান বাহিনী ১৯টি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে এবং কয়েকজন পাকিস্তানি সেনাকে আটক করেছে।

তিনি আরও দাবি করেন, এতে ৫০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। তবে এই সংখ্যার কোনো স্বাধীন বা নিরপেক্ষভাবে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।