ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। রোববার (১৯ জানুয়ারি) কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, গত বছরের ১৬ জুলাই সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে একটি বিবৃতি দেন নিপুণ, যেখানে নিজেকে সাধারণ সম্পাদক ‘সাবেক’ হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া, গত ১৭ জুলাই তিনি সেই বিবৃতি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন। এর ফলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নিপুণ।
সমিতির প্যাড ব্যবহারকে অনৈতিক উল্লেখ করে গত বছরের ৩০ জুলাই মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপন করা হয় এবং নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে নোটিশ পাঠানোর পরও তিনি কোনো জবাব দেননি। এর আগে, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে নিপুণের বিরুদ্ধে। গঠনতন্ত্রবিরোধী এসব কর্মকাণ্ডের জন্য কার্যনির্বাহী পরিষদ তাকে একাধিকবার সতর্ক করলেও তিনি কোনো গুরুত্ব দেননি।
আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হওয়ায় কোনো নোটিশ আমলে না নিয়ে তিনি বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যান। এর ফলে সমিতির প্যাডের অনৈতিক ব্যবহার এবং সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে তাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কারের বিষয়ে শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে, নিপুণের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।












