কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগের মতো ভোট হবে না, আপনার ভোট আপনি দিতে পারবেন: সিইসি

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ৯, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধনের মূল উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করা। যারা বাড়িতে যাবেন, তারা ভোটারদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন—এবার আর আগের মতো ভোট হবে না। সবাই তাদের ভোট নিজেরাই দিতে পারবেন। এজন্য মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। নারী ভোটারসহ সকল ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে প্রচার-প্রচারণা চালানো হবে।”

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমরা একটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এতে কোনও দ্বিধা নেই। আমাদের লক্ষ্য একটাই—কোনও নির্দিষ্ট দল বা ব্যক্তিকে ভোটে জেতানোর উদ্দেশ্য নয়। জনগণ যাকে ভোট দেবে, সেই জয়ী হবে। এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “আগে অফিসারদের উপর বিভিন্ন ধরনের চাপ দেওয়া হতো। ফেভার না করলে চাকরি হারানোর শঙ্কা থাকত। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। এখন যদি কেউ পক্ষপাতিত্ব করেন, তাহলে তাদের জন্য সমস্যা হবে। আমরা সতর্ক করছি—আগের মতো ভোট হবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে আমরা অনড় থাকবো এবং কোনও ছাড় দেওয়া হবে না।”

কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, মৌলভীবাজারের জেলা প্রশাসক ইসরাইল হোসেন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দীন খান। কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করেন।