কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগামী বছর আমরা নির্বাচিত রাজনৈতিক সরকার দেখতে পাব: পরিকল্পনা উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৭, ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি স্বল্প সময়ের সরকার, তাই বর্তমান পরিস্থিতিতে এই সরকারের পক্ষে স্বল্প সময়ের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একটি নির্বাচিত রাজনৈতিক সরকার। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী বছর আমরা হয়তো একটি নির্বাচিত রাজনৈতিক সরকার দেখতে পাব।

শনিবার (৭ ডিসেম্বর) বিআইডিএসের চার দিনব্যাপী বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, অর্থনৈতিক ও আয় বৈষম্য বর্তমানে একটি বড় চিন্তার বিষয়। বৈষম্য দূর করার জন্য মানসম্পন্ন শিক্ষা প্রয়োজন, যা বাংলাদেশ এখনো অনেক দূরে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বর্তমান সম্পদ অধিকাংশই কাগজে রয়েছে, বাস্তবে তা নেই। ব্যাংকে সাধারণ মানুষের টাকা থাকলেও ব্যাংকের অধিকাংশ অর্থ বাইরে চলে গেছে। ব্যালেন্স শিটে অনেক টাকা থাকলেও বড় বড় কোম্পানিগুলো টাকার অভাবে শ্রমিকদের বেতন দিতে পারছে না। অবকাঠামো রয়েছে, কিন্তু সম্পদ নেই। এমন পরিস্থিতিতে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা কিভাবে সমতাভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাব, সে বিষয়েই এই সরকার কাজ করছে।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, এজন্য শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এসব সেক্টর সাধারণ মানুষের কাছে পৌঁছে। পাবলিক হেলথের জন্য আরও বেশি বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তবে সম্পদ সীমিত।

সেমিনারে বিশ্বব্যাংক আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা সাজানোর পরামর্শ দেয়।