ডেস্ক রিপোর্ট:
আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন হিসেবে আয়োজনের পরিকল্পনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা জানান।
রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসেন বলেন, “প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রচেষ্টায় নরওয়ের প্রধানমন্ত্রী পূর্ণ সমর্থন জানিয়েছেন।”
প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, “বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনকে সর্বকালের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা রয়েছে।” ড. ইউনূস বলেন, “তারা একটি উদাহরণ তৈরি করতে চান, একটি ঐতিহাসিক উদাহরণ।”












