ডেস্ক রিপোর্ট:
৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রবিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। এই মোনাজাতের মাধ্যমেই ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে।
শনিবার সকাল ১০টায় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুমের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, আখেরি মোনাজাত সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে শুরু হবে। তিনি আরও উল্লেখ করেন যে, আখেরি মোনাজাতের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোনাজাতের দিন সকাল থেকে ইজতেমা ময়দান ও এর আশেপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস, ঢাকার ধউর এবং কুড়িল ৩০০ ফিট পর্যন্ত আসতে দেওয়া হবে। এরপর যানবাহনগুলোকে বিকল্প পথে ডাইভারশন করে চলাচল করতে হবে। এছাড়া, মুসুল্লিদের ইজতেমা ময়দানে পায়ে হেঁটে আসার অনুরোধ করা হয়েছে।
তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আমাদের সময়কে জানান, আগামীকাল সকাল ৯টায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হবে। এই মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের সাহেব।












