কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“আইসিসি প্রতিনিধি ঢাকায়, বিশ্বকাপ ভেন্যু নিয়ে তোলপাড়”

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৬, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল আছে বাংলাদেশ, সেখান থেকে সরে আসার সুযোগ দেখছে না বিসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আলোচনা করতে শনিবার ঢাকায় আসছেন আইসিসির একজন প্রতিনিধি। বিশ্বকাপের ভেন্যু নিয়ে অচলাবস্থা কাটানোর নতুন পদক্ষেপ বলা যায় এটিকে।

শুরুতে জানা গিয়েছিল, দুই সদস্যের প্রতিনিধি দল আসবে। তবে ভিসা জটিলতায় শেষ পর্যন্ত একজন আসতে পারছেন না। যিনি আসছেন, তিনি আইসিসির নিরাপত্তা বিভাগের প্রতিনিধি।

ঢাকায় এসে বিসিবি কর্তাদের পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক করবেন আইসিসির প্রতিনিধি।

কদিন আগে আইসিসির সঙ্গে বিসিবির একটি ভিডিও কনফারেন্স হয়েছে। সেই সভা শেষে বিসিবি জানায়, ভারতেই বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুরোধ তারা পেয়েছে আইসিসির পক্ষ থেকে, কিন্তু আগের অবস্থান থেকে সরবে না বলেও সাফ জানিয়ে দেয় বিসিবি।

এবার আইসিসির প্রতিনিধি এখানে আসার প্রেক্ষাপট তুলে ধরলেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান।

“আমরা একটা মেইল দিয়েছি, উনারা উত্তর দিয়েছে, আমরা আবার মেইল দিয়েছি। তারপরে একটা জুম মিটিং হইছে। জুম মিটিংয়ের পরে এখন উনারা বলছে যে, সামনাসামনি বসে আলাপ করতে চায়। কিন্তু আপনারা তো জানেন যে, আমাদের স্ট্যান্ড একটাই। আমরা সেখান থেকে নড়ে যাইনি।”

“আমরা অবশ্যই চাই খেলাটা হোক। ক্রিকেট চলমান থাকা উচিত। দেখা যাক, কালকে কী হয়।”

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই সবকিছুর দেখভাল করছেন বলে জানালেন ইফতেখার। এই বিসিবি পরিচালকের আশা, ভালো কিছুই অপেক্ষায় বাংলাদেশের জন্য।

“পুরো প্রোগ্রামটা আসলে প্রেসিডেন্ট সাহেব জানেন। প্রেসিডেন্ট সাহেব, ভাইস-প্রেসিডেন্ট উনারা বসবেন। আমরা আশা করছি, ভালো একটি ফল পাব।

“আমাদের বোর্ড বলেন, আমাদের সরকার বলেন, সবাই আমরা মনে করি যে, আমাদের দল ও ক্রিকেটাররা নিরাপদ নয় (ভারতে)।এটা নিয়েই মনে হয় মূলত আলাপ হবে। এটা সত্যি বলতে, প্রেসিডেন্ট সাহেব একদম নিজে একা সামলাচ্ছেন। দেখা যাক, কালকে কী আউটকাম হয়। আমি যেটা দেখি যে, এটা ভালো ইঙ্গিত যে, অন্তত কেউ আসছেন। এখন তো একদম স্ট্যান্ডস্টিল অবস্থায় আছে।”