দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্য বাস্তবায়নে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, সন্ত্রাস দমন, মব নিয়ন্ত্রণ, পুলিশ ও র্যাব সংস্কার, ফরেনসিক সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক আইনগত সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী বলেন, জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে ধাপে ধাপে সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কোনো ধরনের বিশৃঙ্খলা বা মব সহিংসতা বরদাশত করবে না বলেও তিনি জানান।
র্যাবের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় আইনি পর্যালোচনার মাধ্যমে বাহিনীটিকে কার্যকরভাবে পুনর্গঠন করা হবে এবং বিদ্যমান সক্ষমতা কাজে লাগানো হবে।
এ সময় ফরাসি রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন এবং ফরেনসিক সক্ষমতা উন্নয়নে ইতোমধ্যে নেওয়া উদ্যোগের কথাও উল্লেখ করেন।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ফ্রান্স দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


.
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।












