কুমিল্লাসোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অফিসে দেরিতে আসায় এলজিইডিতে ৩২% অনুপস্থিতি, আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৬, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!


সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শনে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় নির্ধারিত সময়ের পরও উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতি ধরা পড়ে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কার্যালয়ে পৌঁছান। সকাল ৯টা বাজতেই অফিসের প্রবেশপথ বন্ধ করে উপস্থিতি যাচাই শুরু করা হয়। এতে দেখা যায়, সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে উপস্থিত হননি।

হঠাৎ গেট বন্ধ হয়ে যাওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারী বাইরে আটকা পড়েন। পরে জানা যায়, সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী গেটের বাইরে দাঁড়িয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং ভেতরে থাকা প্রতিনিধিদের মাধ্যমে উপস্থিতির তথ্য সংগ্রহ করেন।

পরবর্তীতে গণমাধ্যমকে তিনি জানান, এমন অনুপস্থিতি দাপ্তরিক শৃঙ্খলার জন্য উদ্বেগজনক। তিনি বলেন, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সময় মেনে চললেও বিভিন্ন দপ্তরে এখনও সময়ানুবর্তিতার ঘাটতি রয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম ঠেকাতে বিভিন্ন দপ্তরে আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। উপস্থিতিতে ব্যত্যয় ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।