কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপারেশন ডেভিল হান্ট অভিযানে কুমিল্লায় ১৩ জন গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বিভিন্ন উপজেলায় পুলিশের “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম এই গ্রেপ্তারির বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ৪ জন, বুড়িচং উপজেলা থেকে ৩ জন, দেবিদ্বার উপজেলা থেকে ১ জন, নাঙ্গলকোট উপজেলা থেকে ২ জন, মুরাদনগর উপজেলা থেকে ১ জন, কুমিল্লা সদর দক্ষিণ থেকে ১ জন এবং দাউদকান্দি উপজেলা থেকে ১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি এবং বাকি তিনজন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, কুমিল্লা মহানগরীর ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জনি, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম হোসেন তপন এবং সাজাপ্রাপ্ত আসামি রনি।

এছাড়াও বুড়িচং উপজেলা থেকে গ্রেপ্তারকৃত তিনজন হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খোকন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম এবং মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন।

পুলিশের পৃথক অভিযানে দেবিদ্বার উপজেলা থেকে ছাত্রলীগ নেতা মো. নাবির হোসেন, মুরাদনগর উপজেলা থেকে সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত বাবু, নাঙ্গলকোট উপজেলা থেকে যুবলীগ নেতা ফরহাদ হোসেন, নাঙ্গলকোট পৌরসভা ছাত্রলীগ নেতা ফয়েজ আহমেদ এবং দাউদকান্দি উপজেলা থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্র: কালবেলা