কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না: ফখরুল

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৮, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, “আর সংস্কার কারণে আমরা একটি অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না। “

শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র প্রতিহত করা’ শীর্ষক সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশ।

মির্জা ফখরুল বলেন, “যদি কেউ বলে আমরা সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল। সংস্কার কোনো নতুন ধারণা নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে এবং তা চলতেই থাকবে। এজন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। আমরা আর একটি অনির্বাচিত সরকারের হাতে দেশের শাসন দায়িত্ব দিতে পারি না।”

তিনি আরও বলেন, “যখন আমরা বলি, নির্বাচন তাড়াতাড়ি চাই, তখন আমাদের সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে, বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। কিন্তু ক্ষমতায় আমরা আগেও ছিলাম এবং আল্লাহ চাইলে আবারও ক্ষমতায় যাবো।”

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “এটি জিয়াউর রহমানের শুরু করা সংস্কার প্রক্রিয়া। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ, কিন্তু সেখান থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন।”

সংস্কারের জন্য গঠিত কমিশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল তাদের (কমিশন সদস্যদের) জনগণের কাছে যাওয়ার আহ্বান রাখেন।

তিনি বলেন, “আজকে বাংলাদেশে অস্থিরতা এবং স্থিতিশীলতার সমস্যা রয়েছে। যদি একটি নির্বাচিত সরকার আসে, এই সমস্যাগুলো অনেক কমে যাবে। কারণ নির্বাচিত সরকারের শক্তি তার পেছনে জনগণের শক্তি থাকে। তাই আমরা বারবার নির্বাচনের কথা বলছি। সংস্কার সবচেয়ে বেশি বিএনপি চায়, কিন্তু একইসঙ্গে অনির্বাচিত সরকারের ক্ষমতা বেশিদিন থাকা উচিত নয়।”

চালের দাম বৃদ্ধির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “চালের দাম এত বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে তা কেনা অসম্ভব হয়ে পড়েছে। ডাল, তেল, ডিম, মাছ ও মুরগি—প্রত্যেকটির দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ। কিন্তু এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো খেয়াল নেই। তারা দাম কমানোর দিকে কাজ করছে না। কিছু বললে তারা বলে, ‘আরেও তাড়াতাড়ি সব সম্ভব নয়।’ আমাদের বলতে চাই, আমরা দেখতে চাই তারা কি ব্যবস্থা নিচ্ছেন।”

তিনি আরও বলেন, “এটা অন্তর্বর্তী সরকার, সংস্কার করার সঙ্গে সঙ্গে একটি নির্বাচন করতে হবে। যে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে। নির্বাচিত হাতে ক্ষমতা হস্তান্তর করাই প্রধান কাজ। রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করে কথা বলে সমস্যার সমাধান করা সম্ভব নয়।”

মির্জা ফখরুল দাবি করেন, “২০১২ সাল থেকে বিএনপি সক্রিয় আন্দোলন করছে। ড. ইউনূসের সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। তাদের সহযোগিতা করতে চাই, আমরা চাই তারা সফল হোক।”

সভায় আরও বক্তব্য রাখেন জাগপার একাংশের সভাপতি খন্দকার লৎফুর রহমান, জাতীয় পার্টি (কাজী জাফর) নেতা মোস্তাফা জামাল হায়দার, এনপিপির চেয়ারম্যান কাজী আবু তাহের, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান প্রমুখ।