কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অধিক মূল্যে পণ্য বিক্রি, কুমিল্লার লালমাইয়ে ১০ ব্যবসায়ীকে অর্থদণ্ড

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৫, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে লালমাই উপজেলা প্রশাসন বাজার মনিটরিং শুরু করেছে। বুধবার (৫ মার্চ) দুপুরে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসার নেতৃত্বে একটি টিম বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন, অবৈধভাবে পণ্য মজুদ না করা এবং ভেজাল পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া, কিছু ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অধীনে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— সঞ্চিত পাল স্টোর, মেসার্স সমিরন বনিক, লক্ষী নারায়ন ভাণ্ডার, রমজান ওয়েল মিল, মমতা ওয়েল মিল, মনু মিয়া স্টোর, মিতু এন্টারপ্রাইজ, লোকনাথ ভাণ্ডার, অরুন স্টোর ও গাজী এন্টারপ্রাইজ।

বাজার মনিটরিং অভিযানে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, বাগমারা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক এবং উপজেলার উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা জানান, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং এবং ক্রেতা-বিক্রেতাদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নিয়মিত এই অভিযান চলবে।