কুমিল্লাশনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইফতারি পৌঁছে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল নবদম্পতির স্বপ্ন

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের জুড়ীতে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত; দুই মাস আগে হয়েছিল বিয়ে

রমজানের প্রথম দিনেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণ ব্যবসায়ীর। শ্বশুরবাড়ি থেকে পাঠানো ইফতারসামগ্রী আত্মীয়ের বাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হন বাদল মিয়া (৩৫)।

বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল স্থানীয় বাসিন্দা মৃত মঙ্গল মিয়ার ছেলে। তিনি প্যাকেটজাত খাদ্যপণ্যের ডিলার হিসেবে ব্যবসা করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে বিয়ে করেন বাদল। রমজানের প্রথম দিন শ্বশুরবাড়ি থেকে তাঁদের পরিবারের জন্য ইফতারসামগ্রী পাঠানো হয়। সেখান থেকে কিছু অংশ নিয়ে তিনি মোটরসাইকেলে বড় বোনের বাড়ি যান। ইফতারি পৌঁছে দিয়ে সন্ধ্যার আগে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন।

সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বাছিরপুরে হেলাল উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

রাত ১০টার দিকে বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। সদ্য বিবাহিত স্ত্রীর কান্নায় শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

বাদলের বড় ভাই মোরশেদ আলম বলেন, ব্যবসা শুরু করার পরই সংসার গড়েছিলেন তিনি। ‘দুই মাসও হলো না বিয়ের, এরই মধ্যে এমন পরিণতি—কীভাবে মেনে নেব,’ বলেন তিনি।

এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনহাজ উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। স্বজনদের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।